
আবু জাহের,মালদ্বীপ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
মালদ্বীপ শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্নার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও সদস্যসচিব নুর নবী মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহসভাপতি মো. ফারুক ও শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক ও আরিফুল ইসলাম।
এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বর্তমান সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। তার দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি উদার, আধুনিক ও গণতান্ত্রিক রাজনীতির প্রতীক। তিনি বলেন, বিভিন্ন প্রচারণা দিয়ে বিএনপির প্রতি মানুষের সমর্থন রোধ করা যাবে না এবং আগামী দিনের বাংলাদেশ গঠনে তারেক রহমান নেতৃত্ব দেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে মালদ্বীপে অবস্থানরত স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলার খবর ডেস্ক : 


























