
বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন।
বুধবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জায়গাটি রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকা, সিন্ধু মহাসড়কের ওপর। স্থানীয় গণমাধ্যম ও উদ্ধারকর্মীদের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকর্মীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা লেগে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে যায়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু।
খবর পেয়ে রেসকিউ ১১২২-এর ৩৫ জন কর্মী ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ উদ্ধার ইউনিট নিয়ে ঘটনাস্থলে যান। আহতদের মধ্যে ৩৮ জনের বেশি রাজনপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত চারজনকে ডেরা গাজী খানে পাঠানো হয়েছে। আরও দুজনকে নেওয়া হয়েছে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে।
এর আগে গত আগস্টে বেলুচিস্তানের কোহলু–ডেরা গাজী খান মহাসড়কে বিয়ের অতিথিবাহী একটি বাস উল্টে যায়। তাতে দুজন নিহত ও ৪২ জন আহত হন। পুলিশ সে দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী বহনের কথা বলেছিল। একের পর এক এমন দুর্ঘটনায় দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বাংলার খবর ডেস্ক : 



















