
আবদুর রউফ আশরাফ।। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, “হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও।”
আল্লাহ তা’য়ালার কুরআনের কথায় নির্দেশ করেন, দুনিয়ার কাজ গুরুত্বপূর্ণ হলেও রবের ডাকে সাড়া দেওয়া তার চেয়েও গুরুত্বপূর্ণ।
সপ্তাহের ব্যস্ততা, ক্লান্তি আর ছুটে চলার জীবনের মাঝে শুক্রবার যেন এক প্রশান্ত বিরতির দিন।
শুক্রবার শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়; একজন মুমিনের জন্য শুক্রবার আত্মশুদ্ধি, ইবাদত, স্মরণ ও রবের কাছে ফিরে আসার এক বিশেষ সুযোগ। সারাবছর জীবনের নানা ব্যস্ততায় আমরা কখনো কখনো নিজের অন্তরের খবর নিতে ভুলে যাই। শুক্রবার সেই ভুলে যাওয়া হৃদয়কে আবার আল্লাহর দিকে ফেরার কথা মনে করিয়ে দেয়।
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এ দিনে গোসল করে পরিচ্ছন্ন হওয়া, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে গিয়ে খুতবা শোনা এবং জামাতে জুমার নামাজ আদায় করা বিশেষ গুরুত্ব বহন করে। এসব আমল শুধু বাহ্যিক প্রস্তুতি নয়; এগুলো মানুষের ভেতরেও এক ধরনের পবিত্রতার অনুভূতি তৈরি করে।
মানুষের জীবন কাঙ্ক্ষিত প্রাপ্তি ও অপ্রাপ্তির সমষ্টি। প্রতিদিন আমরা জীবিকার পেছনে ছুটি, ভবিষ্যৎ নিয়ে দৌড়ি, সম্পর্ক সামলাই, সাফল্যের প্রত্যাশা করি। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই অনেক সময় আল্লাহ তা’য়ালার সঙ্গে আমাদের সম্পর্কটি অবহেলিত হয়ে পড়ে। শুক্রবার এসে বিবেকের কাছে প্রশ্ন করে দুনিয়ার জন্য এত আয়োজন, অথচ রবের জন্য কতটুকু সময়?
শুক্রবার আমাদের শেখায়, ফিরে আসতে কখনো দেরি হয় না। পৃথিবীর যত ব্যস্ততা, যত ব্যর্থতা, যত ভুল—সবকিছুর পরও একজন বান্দার জন্য তার রবের দরজা খোলা থাকে। প্রয়োজন শুধু আন্তরিকতার সঙ্গে সেই দরজায় কড়া নাড়া।
তাই শুক্রবারে শুধু নতুন পোশাক, ভালো খাবার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুমা মোবারক’ জানানোর মধ্যে সীমাবদ্ধ না থাকুক। বরং এটি হোক আত্মসমালোচনার দিন, তওবার দিন, কোরআনের কাছে ফিরে যাওয়ার দিন, নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নেওয়ার দিন।
হয়তো আমাদের জীবনে অনেক কিছুই বদলানো প্রয়োজন। কিন্তু পরিবর্তনের শুরুটা হতে পারে আজ থেকেই, শুক্রবার থেকেই। আসুন আমরা ফিরে যাই আমাদের রবের কাছে..
লেখক: কো-অর্ডিনেটর, ইকরা বাংলাদেশে স্কুল হবিগঞ্জ
বাংলার খবর ডেস্ক : 

























