
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আতাউর রহমান আবদাল (৫২) নামে এক সাবেক ইটভাটা মালিকের মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামের নিজ বাড়ি থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ভুগলি গ্রামের মৃত ওয়াছ উল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান আবদালের স্ত্রী ও সন্তানরা যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি দেশে থেকে ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। তবে কয়েক বছর ধরে ব্যবসায় বড় ধরনের আর্থিক লোকসানের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে এক প্রতিবেশী বাড়ির পেছনের বারান্দায় জানালার গ্রিলের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মামুন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলার খবর ডেস্ক : 
























