
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের কাটিয়ারা মাছ বাজারে খুচরা মাছ ব্যবসায়ীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র প্রার্থী হাজী সুলেমান মিয়া, মাধবপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমরান খান, সাবেক কমিশনার বিশ্বজিৎসহ বাজারের খুচরা মাছ ব্যবসায়ীরা।
সভায় বক্তারা বলেন, কাটিয়ারা মাছ বাজারে কোনো ধরনের জুলুম, হয়রানি বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং ক্রেতাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় এলাকায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি সবসময় অন্যায়, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বাজারের যেকোনো সমস্যা সমাধানে তারা সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবেন। পাশাপাশি ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় নির্দ্বিধায় তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় অংশ নেওয়া ব্যবসায়ীরাও বাজারে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলার খবর ডেস্ক : 






















