
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে হোটেল বন্ধের নোটিশ জারি করেছে বন বিভাগ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সহকারী বনরক্ষক জামিল মোহাম্মদ খান ও ভারপ্রাপ্ত রেঞ্জার আনোয়ার হোসেনের উপস্থিতিতে “সাতছড়ি মোল্লার হোটেল” এবং “চিত্তরঞ্জন দেববর্মা নিসর্গ হোটেল” বন্ধ করে দেওয়া হয়। তবে জামে মসজিদ সংলগ্ন “মাসুম বিল্লাহ হোটেল” এখনও চালু রয়েছে।
সহকারী বনরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, হাইকোর্টের নির্দেশনার কারণে মাসুম বিল্লাহ হোটেলটি বন্ধ করা সম্ভব হয়নি। তিনি বলেন, সাতছড়ি একটি রিজার্ভ ফরেস্ট হওয়ায় এখানে পশু-পাখির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করতে হবে। বনাঞ্চলে হোটেল ব্যবসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং বন মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমেও এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত রেঞ্জার আনোয়ার হোসেন বলেন, “আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাকি হোটেলও বন্ধ করে দেওয়া হবে।”
স্থানীয়দের মতে, দুটি হোটেল বন্ধ হলেও একটি হোটেল খোলা থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজকর্মী ইউনুস মিয়া তালুকদার বলেন, “সব হোটেল বন্ধ করা উচিত। দুটি বন্ধ হবে আর একটি খোলা থাকবে—এটি বৈষম্য।”
বাংলার খবর ডেস্ক : 






















