
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে চাঁদপুরের হাইমচরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আল-আমিন আদর্শ মহিলা মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মো. ফাহাদ চাহমান। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের হাইমচর উপজেলার সাবেক উপদেষ্টা সদস্য জসিম উদ্দিন বাহার ও মাওলানা হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রটি ছিল প্রাণবন্ত। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীদের মেধা যাচাই, অধ্যয়নমুখী মনোভাব গড়ে তোলা এবং পড়াশোনায় আরও মনোযোগী করার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের নিজ নিজ মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
বাংলার খবর ডেস্ক : 



















