
- ২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে ১৬ দলের এই টুর্নামেন্ট, যা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনেই সিলেটে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
১৬ দিনের এই প্রতিযোগিতায় দুই দেশের চারটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১২টি করে ম্যাচ আয়োজন করা হবে। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত হবে সাতটি ম্যাচ এবং মুলপানিতে আটটি।
টুর্নামেন্টের ম্যাচগুলো স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।
গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া।
স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
নিজেদের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই খেলতে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দেশের মাটিতে এই আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হওয়ার প্রত্যাশা রয়েছে।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। একই দিনে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। নেপালের কাঠমান্ডুতে টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডেও ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলার খবর ডেস্ক : 



















