
বাংলার খবর ডেস্ক: অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’—এমন দাবি তুলে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। পরে দুপুরে সাজেকে পর্যটকদের চলাচলের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করা হলে বিপাকে পড়েন পর্যটকেরা।
পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হয়।
এদিকে সাজেকে এখন পর্যটনের ভরা মৌসুম চলছে। দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের অগ্রিম বুকিং এবং পর্যটনকেন্দ্রের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। এমন সময়ে অনির্দিষ্টকালের জন্য পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা।
বাংলার খবর ডেস্ক : 



















