
হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার আড়ালে গাঁজা পাচারের চেষ্টা করা হয়েছে হবিগঞ্জের মাধবপুরে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হরষপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে হরষপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তা তল্লাশি করে সেখান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং একই উপজেলার জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)।
পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের আড়ালে গাঁজা বহনের এই ঘটনায় মাদক পাচারের কৌশল নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশের অভিযানে চালানটি উদ্ধার হওয়ায় মাদক পাচারের চেষ্টা নস্যাৎ হয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক পাচার প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


















