
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগর উপজেলার কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান এমপি।
প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এ হান্নান এমপি। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ হান্নান এমপি বলেন, নাসিরনগর কৃষিনির্ভর ও হাওরবেষ্টিত এলাকা। এখানকার মৎস্য ও কৃষিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন স্থানীয় মানুষ। কিন্তু উন্নত সড়ক যোগাযোগের অভাবে ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তিনি বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে নাসিরনগরের সঙ্গে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে।
এম এ হান্নান আরও বলেন, সড়কটি সংস্কার ও আধুনিকায়ন ছিল এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। নানা বাধা-বিপত্তি পেরিয়ে মানুষের দোয়া ও সমর্থনে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হয়েছে। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়; বরং নাসিরনগরের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগ।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে সড়ক নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, ফোর লেন সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে নাসিরনগর-সরাইল-লাখাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে উন্নত যোগাযোগব্যবস্থার ফলে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতি আসবে।
বাংলার খবর ডেস্ক : 



















