
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে পৃথক অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ এক যুবক এবং প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার দিকনির্দেশনায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর পৃথক অভিযান পরিচালনা করা হয়।
২৬ সেপ্টেম্বর হাইমচর থানাধীন উত্তর আলগী কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তা থেকে মো. তামিম মৃধা (২০) নামে এক যুবককে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইমচর থানায় নিয়মিত মামলা (এফআইআর নং-৩৪) করা হয়েছে।
একই দিন দক্ষিণ চরভৈরবী আমতলী বাজার এলাকার একটি অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে মাদক সেবন করে মাতলামির অভিযোগে মো. রাশেদ খাঁন নোয়াব (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করা হলে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-৩৫) করা হয়েছে।
হাইমচর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















