
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়। এতে সব জেলা প্রশাসককে নিজ নিজ জেলার উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত বায়োমেট্রিক হাজিরা ডিভাইস স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
পরিপত্রে বলা হয়, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পান, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি জরুরি। এ লক্ষ্যে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 




















