
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে মাদকের বিস্তার রোধ, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম, হাইমচর শাখা।
এ লক্ষ্যে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. নজরুল ইসলাম এবং পরে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের কার্যালয়ে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ফোরামের নেতৃবৃন্দ।
ফোরামের সমন্বয়কারী মোহাম্মদ ফারুকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুই কর্মকর্তার সঙ্গে হাইমচরে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন জোরদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক জনসচেতনতা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের, বাজাপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান শিকদার, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, হাইমচর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. বিল্লাল পাটোয়ারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুর রহমান, সাংবাদিক শিমুল অধিকারী সুমন, ব্যবসায়ী মো. ফারুকুল ইসলাম খান, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম ও আসিফ মহিউদ্দিনসহ সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ফোরাম নেতৃবৃন্দ বলেন, মাদক শুধু কোনো ব্যক্তির সমস্যা নয়; এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে হাইমচরের স্কুল-কলেজে সচেতনতামূলক সভা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক প্রচারণার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কর্মসূচি নেওয়া হবে।
ফোরামের সমন্বয়কারী মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, “একটি সুস্থ ও মাদকমুক্ত হাইমচর গড়তে আমরা প্রশাসনিক উদ্যোগের পাশে থেকে সামাজিক আন্দোলনকে বেগবান করতে চাই। তরুণ প্রজন্মকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে ফোরামের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বাংলার খবর ডেস্ক : 




















