
বাংলার খবর ডেস্ক
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবিষয়ক কার্যক্রম।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কর্মসূচির কথা জানান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এ ছাড়া সেপ্টেম্বর মাসের সুবিধাজনক সময়ে আরও দুটি কর্মসূচি পালনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। এর মধ্যে একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি। এতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলটির আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর বাইরেও আরও কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কর্মসূচির খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।
বুধবারের যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবরা এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 

























