
বাংলার খবর ডেস্ক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ ঘটনায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, তারা বুধবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে তারা উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের তৈরি একটি লোহার ব্যারিকেডে কয়েকটি যানবাহন আটকে থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণ জানতে সামনে এগিয়ে যান সাংবাদিক তানভীর দীপু। পরে তিনি লোহার ব্যারিকেডটি ওপরে তুলে একে একে কয়েকটি গাড়ি চলাচলে সহযোগিতা করেন বলে জানান। এ সময় স্থানীয় শাওন নামে এক যুবকের সঙ্গে বিষয়টি নিয়ে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দিলে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এসে পরিস্থিতি থেকে তাকে সরিয়ে নেন।
তানভীর দীপুর অভিযোগ, পরে ওই যুবক রড হাতে তাদের দিকে তেড়ে আসেন। স্থানীয় লোকজন তাকে সেখান থেকে সরিয়ে নিলে সাংবাদিকরাও নিজেদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর অভিযুক্ত যুবক পেছন থেকে এসে আবদুল্লাহ আল মারুফের ঘাড়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তানভীর দীপুর ওপরও হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
হামলার শিকার সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ বলেন, তারা বুঝতে পারেননি কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে। তার ধারণা, লোহার ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সঙ্গে থাকা সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, ঘটনাটি তার সামনেই ঘটেছে। অভিযুক্ত যুবক অত্যন্ত উত্তেজিত আচরণ করছিলেন এবং সাংবাদিক পরিচয় জানার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ঘটনার নিন্দা জানিয়েছে কুমিল্লা প্রেসক্লাবও। প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এটি স্বাধীন সাংবাদিকতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য উদ্বেগজনক।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
বাংলার খবর ডেস্ক : 























