
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ পুনর্ব্যক্ত করেছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. মামুন ভূঁইয়া।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের ১২ আগস্টের স্মারকের মাধ্যমে ১২ আগস্ট ২০২৬ থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
সরকারের এ সিদ্ধান্ত দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ রাখা এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
সরকারের বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























