
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা দিতে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগান শ্রমিকদের মাঝে এসব রেইনকোট বিতরণ করা হবে।
উদ্যোগটির আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট প্রদান করছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব এবং জনকল্যাণমূলক কাজে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদের সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে সন্তোষ প্রকাশ করেন চা-শ্রমিকরা এবং মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন।
বাংলার খবর ডেস্ক : 






















