
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, বাংলার খবর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুর কেল্লা শাহ মাজারে সোমবার (১০ আগস্ট) থেকে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরত শাহ পীর কল্লা রহ. ওরফে কেল্লা শাহের বার্ষিক ওরশ। টানা সাত দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।
ওরশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করছে মাজার পরিচালনা কমিটি। প্রতিবছর এই ওরশ উপলক্ষে দেশের নানা অঞ্চল থেকে ভক্তরা ইঞ্জিনচালিত নৌকায় করে খড়মপুর মাজারে আসেন। নৌকাগুলোতে কেল্লা শাহকে নিয়ে গান পরিবেশন এবং আনন্দঘন গানের প্রতিযোগিতা এই ওরশের অন্যতম প্রধান আকর্ষণ।
ওরশের দিনগুলোতে মাজার প্রাঙ্গণে ওয়াজ মাহফিল, জিকির, দোয়া ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে ওরশ উপলক্ষে মাজার এলাকায় ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ৮ আগস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে সাত দিনব্যাপী এই আয়োজনের কথা জানানো হয় এবং আগত ভক্তদের শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ওরশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলার খবর ডেস্ক : 



















