
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, বাংলার খবর
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করা হয় এবং জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার হবিগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশনা এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম পুরোপুরি ধ্বংস করা হয়।
প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও জনস্বার্থের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 





















