
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে বাসটির গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী বিলাস পরিবহনের বাসটি আন্দিউড়া এলাকায় পৌঁছালে নির্মাণাধীন মহাসড়কের এক পাশের নরম মাটিতে বাসটির একটি চাকা দেবে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী আহত হওয়ার পাশাপাশি ধাক্কা ও আতঙ্কের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নির্মাণাধীন সড়কের নরম অংশে চাকা দেবে যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
মাধবপুর থানার এসআই ফারুক মিয়া জানান, বাসটির গতি কম থাকায় দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। প্রায় ২০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে বিকল্প যানবাহনে করে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চলমান ছয় লেন উন্নয়নকাজের কারণে রাস্তার পাশে অনেক স্থানে নরম মাটি ও কাদা জমে আছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এসব স্থান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
এলাকাবাসী মহাসড়কের নির্মাণকাজ দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড, পর্যাপ্ত আলোকসজ্জা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্ষা মৌসুমে নির্মাণাধীন সড়কের ঝুঁকিপূর্ণ অংশে বিশেষ সতর্কতা না থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বাংলার খবর ডেস্ক : 























