
আজ ৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি রক্ষা এবং জীবন-জীবিকার সংকট নিয়ে সচেতনতা তৈরিই এই দিবসের মূল উদ্দেশ্য।
এ বছর আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য হলো—”আদিবাসী ধাত্রীদের ভূমিকা”। আদিবাসী নারীদের ঐতিহ্যগত জ্ঞান ও স্বাস্থ্যসেবায় ধাত্রীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অধিকার ও স্বাস্থ্যব্যবস্থা সুরক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বজুড়ে ৯০টির বেশি দেশে ৪৭ কোটিরও বেশি আদিবাসী মানুষ বসবাস করেন। তারা বিশ্বের বিপুলসংখ্যক ভাষা ও সংস্কৃতির ধারক হলেও অনেক আদিবাসী জনগোষ্ঠী এখনো দারিদ্র্য, স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ, ভূমি হারানো এবং বৈষম্যের মতো নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
বিশেষ করে আন্তর্জাতিকভাবে আদিবাসী নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য এবং বিভিন্ন ঝুঁকির বিষয়টিও আলোচিত হচ্ছে। এসব প্রতিবন্ধকতার মধ্যেও তারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, গণসমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। এসব আয়োজনের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 
























