
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পিলারভিত্তিক ফ্লাইওভার নির্মাণ করে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ।
বুধবার সকালে মাধবপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে ছয় লেন সড়ক ও ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান রয়েছে। ফ্লাইওভারের দুই পাশ মাটি দিয়ে ভরাট করার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, ফ্লাইওভারের নিচের অংশ মাটি দিয়ে ভরাট করা হলে ঐতিহ্যবাহী মাধবপুর বাজারের সঙ্গে পূর্বাঞ্চলের কয়েকটি এলাকার যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে মহাসড়কের পশ্চিম পাশের বাসিন্দাদের মাধবপুর থানা, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেতে প্রায় এক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইমরান খান, মনোজ পাল, স্বপন রায়, আবুল বাশার, মোবারক উল্লাহ, হাজি ফিরোজ মিয়া, হাফেজ শামীমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় পিলারের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণ করে নিচের অংশ উন্মুক্ত রাখতে হবে, যাতে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এর আগেও মাধবপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে একই দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।
বাংলার খবর ডেস্ক : 




















