
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে করাব ইউনিয়নের সিংহগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে অংশ নেন সিংহগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর আলম, রুমানা চৌধুরী, ফাহমিদা আক্তার, ফাতেহা আক্তার ঝুমা, মমতাজ বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবুজে সমৃদ্ধ করে তোলা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম আরও জোরদার করা হবে।
বাংলার খবর ডেস্ক : 
























