
মো: আইয়ুব খান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রাবার বাগানে সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) শাহজিবাজার রাবার বাগানের দুই কর্মকর্তা, এক আনসার সদস্য ও সিবিএ সভাপতির ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— রাবার বাগানের হিসাবরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম মামুন, ফিল্ড অফিসার শরিফুল ইসলাম, আনসার সদস্য জাহাঙ্গীর আলম এবং সিবিএ সভাপতি টেপার ফারুক হোসেন।
ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, সোমবার তেতুলতলা ছড়া থেকে একদল ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে— এমন খবর পেয়ে সরকারি সম্পদ রক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান। এ সময় হরিতলা এলাকার সালা উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে চারজন রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
শরিফুল ইসলাম বলেন, “আমরা শুধু সরকারি সম্পদ রক্ষা করতে গিয়েছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”
শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার ননী গোপাল দেব অভিযোগ করেন, সালা উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে বাধা দেওয়ায় তারা বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় ২০২৫ সালের মার্চ মাসে হিসাবরক্ষণ কর্মকর্তা বাদী হয়ে সালাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এরপর প্রতিপক্ষ পাল্টা একাধিক মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “সরকারি সম্পদ রক্ষায় দায়িত্ব পালন করাই যেন আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে সরকারি সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”
ঘটনার পর রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলার খবর ডেস্ক : 






















