
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মোজাহিদুল ইসলাম আপন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্ব বুল্লা ফুটবল একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে অংশ নেয় এস এম জুবায়ের ফুটবল একাদশ এবং ক্ষিতিশ ভাই ব্রাদার্স ফুটবল স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে ওসি শরীফ আহমেদ বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রাখে। মাঠের খেলা মাঠেই শেষ করতে হবে। খেলায় হার-জিত থাকবেই, তবে এটিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা বরদাশত করা হবে না। আমরা চাই সুন্দর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফাইনাল খেলাটি সম্পন্ন হোক। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. পান্না আক্তার, জাতীয় সাংবাদিক সংস্থার লাখাই শাখার সভাপতি পারভেজ হাসান, তৌহিদ মিয়া এবং লাখাই উপজেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও সবার সহযোগিতায় দুই শক্তিশালী দলের মধ্যকার ফাইনাল ম্যাচটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















