
মাধবপুর প্রতিনিধি,
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারাজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মারাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এই কারণে পরিবারের সদস্যরা তাঁকে সবসময় চোখে চোখে রাখতেন। তবে মঙ্গলবার ভোররাতে সবার অজান্তে তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে সকালে পরিবারের লোকজন বসতঘরের পাশের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















