
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডব ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার করাব ইউনিয়ন। স্থানীয় সূত্রে জানা যায়, করাব ও হোসেনপুর গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যাওয়ায় অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক বসতঘরের টিনের চালা উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে, যার অনেকগুলোর এখনো সন্ধান মেলেনি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, করাব গ্রামে ৩৫টি এবং হোসেনপুর গ্রামে ১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া রাঢ়িশাল গ্রামেও অন্তত ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে পল্লী বিদ্যুতের লাইনের ওপর পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পুরো উপজেলা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ হয়ে গেছে। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে দ্রুত ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হবে।
বাংলার খবর ডেস্ক : 





















