
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক বিধবা মহিলার রেকর্ডভুক্ত জমি বুঝিয়ে দিতে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ বিলাশ বানু এ বিষয়ে প্রতিকার চেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুনেশ্বর গ্রামের মৃত আরজু মিয়ার স্ত্রী বিলাশ বানুর নামে তার স্বামী জীবিত থাকাবস্থায় ১৯ শতক জমি রেকর্ড করে দেন। তবে বিলাশ বানু পিত্রালয়ে বসবাস করায় তার সৎ ছেলেরা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছিল।
বিবাদীগণ হলেন— মৃত আরজু মিয়ার ছেলে আব্দুল মালেক (৫০), আব্দুল জলিল (৪০) এবং আব্দুল আলী (৪২)।
ভুক্তভোগী জানান, স্বামীর মৃত্যুর পর তিনি নিজের প্রাপ্য অংশ বুঝে নিতে গেলে বিবাদীগণ বাধা প্রদান করেন। এ ঘটনায় তিনি অতিরিক্ত জেলা হাকিম আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত তার পক্ষে রায় দিয়ে বিবাদীদের ওই জমিতে প্রবেশ না করার নির্দেশ দেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় লাখাই থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে আদালতের রায় বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয়ভাবে জমি মেপে বুঝিয়ে দিতে গেলে বিবাদীগণ টালবাহানা শুরু করেন এবং ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিলাশ বানু জানান, বিবাদীগণ প্রভাবশালী হওয়ায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুলিশি সহায়তা ছাড়া তার বৈধ জমিতে প্রবেশ করতে পারছেন না।
এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। স্থানীয়দের প্রত্যাশা, আদালতের রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বাংলার খবর ডেস্ক : 






















