
বাংলা নিউজ ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার (১৫ মার্চ) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ বা দাঙ্গার রূপ নিতে পারে।

এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট মসজিদের চতুর্সীমার ২০০ গজ এলাকার মধ্যে ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং ও স্লোগানসহ যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে জনস্বার্থে মসজিদের যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে সেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে এই আদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


















