
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল-এর সুযোগ্য সন্তান ও সায়হাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, আমরা আজীবন মানুষের কল্যাণ করে যেতে চাই এবং দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকেই আমাদের পথচলা অব্যাহত রাখতে চাই।
চুনারুঘাট সদর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে সায়হাম গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য সুবিধাবঞ্চিত পরিবার উপস্থিত ছিলেন।
সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় এলাকার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার থেকেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবাকেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করা।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে এবার শীতবস্ত্র বিতরণ করতে না পারায় কষ্ট অনুভব করেছি। তবে ভবিষ্যতে নিয়ম-নীতি মেনে মানবিক কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি এস. এম. ফয়সলের নেতৃত্বে এবং তারেক রহমান-এর দিকনির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটসহ পুরো অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুধু চুনারুঘাটেই নয়, মাধবপুর ও নাসিরনগর উপজেলার অসচ্ছল পরিবারের মাঝেও পরিচালিত হচ্ছে। রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সায়হাম গ্রুপ দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বাংলার খবর ডেস্ক : 























