
স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইটরাইডার্স। তবে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর আপত্তি ও নিরাপত্তা শঙ্কার কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আইপিএলে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। একই নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দলকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একাধিকবার চেষ্টা চালালেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ আয়োজনের দাবি জানায়। তবে বাংলাদেশের এই দাবি প্রত্যাখ্যান করে আইসিসি বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ঘোষণা দেয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না। এতে করে আইসিসির আর্থিক ক্ষতির আশঙ্কা চরমে পৌঁছায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১২০ কোটি টাকারও বেশি।
পুরো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আইপিএলে অংশ নিলে মোস্তাফিজুর রহমান পেতেন প্রায় ৯ কোটি টাকা। অথচ তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের জেরে আইসিসিকে গুনতে হচ্ছে কয়েক হাজার কোটি টাকার সম্ভাব্য আর্থিক ক্ষতি।
বাংলার খবর ডেস্ক : 

























