
আব্দুল বাছিত খান, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, প্রতিবন্ধী ব্যক্তি এবং অত্যন্ত দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ২৫টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইটারনেল গিভিং-এর সহযোগিতায় টিউবওয়েল বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। প্রধান অতিথি ছিলেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী (রিপন)। সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালমান আলী, সাবেক কাউন্সিলর শাকিল আহমদ, ব্যাংকার জাকির হোসেন, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ এবং লিটন দত্ত।
এ সময় টিউবওয়েল বিতরণকারী শিক্ষানুরাগী পরিবারের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহসান কবির চৌধুরী (রিপন) বলেন, “আমাদের পরিবার সবসময় এলাকার মানুষের পাশে আছে এবং থাকবে। বড় ভাই হাসান চৌধুরী বৃহত্তর সিলেট ও লন্ডনে শিক্ষানুরাগী ও চারিটেবল সমাজকর্মী হিসেবে পরিচিত। করোনা, বন্যা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবারের পক্ষ থেকে ত্রাণ, খাদ্য, বাড়ি নির্মাণ, ঔষধ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হলো।”
তিনি আরও জানান, টিউবওয়েলের স্থাপন, পরিবহন ও আশপাশের জায়গা পাকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।
অতিথিরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে তাদের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত হবে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে এ ধরনের দাতব্য উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আহসান কবির চৌধুরী (রিপন) এবং তার পরিবারের এমন মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 

























