
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের ন্যায্যমূল্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া, হুমায়ুন আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের কারণে সাধারণ মানুষ যেন ক্ষতির মুখে না পড়েন, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি অধিগ্রহণের ফলে অনেক পরিবার বসতভিটা, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারানোর ঝুঁকিতে রয়েছে। তাই ভূমির প্রকৃত বাজারমূল্য বিবেচনা করে ন্যায্য ক্ষতিপূরণ নির্ধারণ এবং দ্রুত তা পরিশোধের দাবি জানান তারা।
ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা বলেন, উন্নয়নের স্বার্থে তারা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগের বিরোধিতা করছেন না। তবে তাদের ন্যায্য অধিকার ও সম্পদের যথাযথ মূল্য নিশ্চিত করেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া উচিত। অন্যথায় অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়তে পারে।
মানববন্ধন থেকে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত পর্যালোচনা করে প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার দাবি জানানো হয়।
স্থানীয় ভূমিমালিকদের প্রত্যাশা, সরকারের বৃহৎ এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থও গুরুত্ব পাবে এবং তারা জমির ন্যায্য মূল্য ও প্রাপ্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেন না।
বাংলার খবর ডেস্ক : 


















