
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনীতে শুরু হয়েছে ‘মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬’। তরুণদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি ও সাংবাদিক মো. হামিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল আলীম মীর বাদল, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফরিদুর রহমান ফরিদ, বিএনপির চৌমুহনী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুল আব্দাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শহীদ সৈয়দ আরাফাত উল্লাহ আয়ান ও সমাজসেবক ফারুক শাহ।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, “তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে তরুণদের ব্যস্ত রাখতে পারলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও ক্রীড়া সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দিতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং চৌমুহনীর ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।
টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো. শিমুল শাহ। স্থানীয় তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টটি চৌমুহনীতে খেলাধুলার নতুন পরিবেশ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
বাংলার খবর ডেস্ক : 











