
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘর দুটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শিপন মিয়া তালুকদার বলেন, “প্রথমে আমরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারিনি। আগুন ছড়িয়ে পড়ার পর বিষয়টি বুঝতে পারি। এর মধ্যে আগুন নেভানো সম্ভব হয়নি। আমাদের দুটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
অগ্নিকাণ্ডে পরিবারের সদস্যরা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে বর্তমানে মানবেতর অবস্থায় রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
বাংলার খবর ডেস্ক : 










