
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাদ আলী নামে এক দরিদ্র খামারির দুটি উন্নত জাতের আট মাসের গর্ভবতী গাভী মারা গেছে। আকস্মিক এ ঘটনায় পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ওই খামারি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি শাহাদ আলী ওই গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে। তিনি গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। মারা যাওয়া গাভী দুটিই ছিল তাঁর পরিবারের একমাত্র সম্বল ও আয়ের প্রধান উৎস। গাভী দুটির আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকারও বেশি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খামারে থাকা গাভী দুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে গাভী দুটির মৃত্যু হয়।
৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন ছুরুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের তারের লিকেজ থেকে টিনের ঘর আর্থিং হয়ে গাভী দুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। দুটি গাভী হারিয়ে খামারি শাহাদ আলী এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।
এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি চরম সংকটে পড়েছে। দরিদ্র খামারি শাহাদ আলীর পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল বিত্তবান ব্যক্তি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বাংলার খবর ডেস্ক : 



















