
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বৃহস্পতিবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুড়ি চত্বরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাহুবল উপজেলার রশিদপুর গ্রামের মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) এবং মৃত মন্টু তাঁতির ছেলে হৃদয় তাঁতি (২৫)।
এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেওয়া সদস্যরা তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুড়ি চত্বরের সামনে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
এসআরবি জানায়, অভিযানের সময় সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করেছে সংস্থাটি।
এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
সংস্থাটি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে এসআরবি-৯।
বাংলার খবর ডেস্ক : 




















