
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে তাঁদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
বাংলার খবর ডেস্ক : 



















