
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
রক্তদান ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে ছয় বছর পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ব্লাড সোসাইটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একটি টমটম গাড়ি উপহার দেওয়া হয়েছে।
রোববার সকালে নোয়াপাড়া বাজারের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মানবিক ব্যক্তি শাহ আবদুর রহমানের পক্ষ থেকে সংগঠনটিকে টমটম গাড়িটি উপহার দেওয়া হয়। গাড়িটি থেকে অর্জিত আয় সংগঠনের বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে ব্যয় করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে অসচ্ছল মানুষের স্বাবলম্বিতা অর্জনে সেলাই মেশিন এবং অসহায় পরিবারের সহায়তায় ঢেউটিন বিতরণ করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
নোয়াপাড়া ব্লাড সোসাইটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। প্রধান বক্তা ছিলেন দেশসেরা রক্তদাতা হিসেবে পরিচিত মোশাররফ হোসেন দাদাভাই।
মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুধন্তী ইউনিয়ন মানবিক সোসাইটির সভাপতি কাজী নেওয়াজ উদ্দিন, তরুণ সমাজসেবক রোমান মিয়া, শামছুর রহমান ও সাংবাদিক হামিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাগর।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা জয়নাল আবেদীন, মাহফুজুর রহমান, কে এম আবু কাউছার, রাকিবুল ইসলাম, এডমিন এফ নূর, নাঈম উদ্দিন সিপু, জহিরুল ইসলাম জুয়েল ও সুজন মীর্জাসহ অন্যরা।
বক্তারা বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ ও ভালোবাসারও বহিঃপ্রকাশ। নোয়াপাড়া ব্লাড সোসাইটি রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে, তা সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।
তারা আশা প্রকাশ করেন, টমটম গাড়ি উপহারের মাধ্যমে সংগঠনটির মানবিক কার্যক্রম পরিচালনায় আয়ের একটি স্থায়ী উৎস তৈরি হবে। রক্তদানের পাশাপাশি আত্মকর্মসংস্থান, অসহায় মানুষের সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটির উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















