
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে এসএমপির উপপুলিশ কমিশনার পদে বদলির আগের আদেশ বাতিল করে পুলিশ টেলিকম, ঢাকায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে পদায়ন করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে আরও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতার, পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়ের ও শাহরিয়ার বিন সালেহ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদ, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারসহ আরও কয়েক কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ে, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট এবং এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ওএসডি অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে যথাক্রমে রংপুর ও রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে নয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এতে র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার করা হয়েছে। নেত্রকোণার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলার খবর ডেস্ক : 



















