
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বসতঘরের মোরগের খোঁয়ারের নিচে মাটির ভেতর প্লাস্টিকের দুটি ডিব্বায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সালেহা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর ওয়ার্ডের তেঘরিয়া পূর্ব গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফ আহমেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন থানার এসআই কাউসার আহমেদ, এসআই মুন্না মিয়া, এসআই ওয়াসিমসহ পুলিশের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঘরিয়া পূর্ব গ্রামের বাচ্চু মিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের মোরগের খোঁয়ারের নিচে মাটি খুঁড়ে প্লাস্টিকের দুটি ডিব্বা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই ডিব্বাগুলোর ভেতরে গাঁজা রাখা ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির মালিক বাচ্চু মিয়া (৫৫) জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। অভিযানের সময় তাঁর শারীরিক ও বাকপ্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে আটক করা হয়নি। তবে তাঁর স্ত্রী সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের পর আটক করে মহিলা পুলিশের হেফাজতে থানায় নেওয়া হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় সালেহা বেগম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
লাখাই থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার পরিমাণ যাচাইসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক সালেহা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 
























