
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার বিকেল সাড়ে ৩টায় সাতাউক গ্রামের মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার মুরুব্বি, স্থানীয় মুসল্লি এবং সহস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলীকে গার্ড অব অনার প্রদান করে।
বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন লাখাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক এস এম জুবায়ের আহমেদ, লাখাই অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মহসিন সাদেক ও নাজিমুদ্দিন রানা, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলার খবর ডেস্ক : 



















