
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. বাচ্চু মিয়া (৪০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের আরও চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের লাখাই থানাধীন তিসকারপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে এবং পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছবাহী একটি পিকআপের ড্রাইভারের পাশের সিটে বসে তিসকারপুল এলাকা দিয়ে যাচ্ছিলেন বাচ্চু মিয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সাথে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহআলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। অন্যদিকে, আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক পিকআপ চালককে আটকের চেষ্টা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























