
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তরুণ আইনজীবী অ্যাডভোকেট মো. ইয়াকুব খাঁন মনোনীত হয়েছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু পরিচালনা এবং কার্যকর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
গত ১৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন অ্যাডভোকেট মো. ইয়াকুব খাঁন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি রশিবুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয়দের মতে, সামাজিক ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত অ্যাডভোকেট ইয়াকুব খাঁনের নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ আরও গতিশীল হবে।
সভাপতি মনোনীত হওয়ার পর অ্যাডভোকেট মো. ইয়াকুব খাঁন বলেন, “বিদ্যালয়ের সার্বিক পঠন-পাঠনের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা কামনা করছি।”
শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত এডহক কমিটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।
বাংলার খবর ডেস্ক : 






















