
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি মেশিন ধ্বংস করা হয়েছে এবং এ কাজে জড়িত একজনকে আটক করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিতলা এলাকার নদী ও খাল থেকে অনুমতি ছাড়াই একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে জড়িত খালেক মিয়া ওরফে খালেক মেম্বারের ছেলে রুবেল মিয়াকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বাহুবল মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বাংলার খবর ডেস্ক : 


























