
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়ে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা ও জনদাবির বিষয়গুলো তুলে ধরেছেন। মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি চা শ্রমিকদের ভূমি অধিকার, পর্যটন খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সড়ক অবকাঠামো উন্নয়ন, মাধবপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর দাবি জানান।
বক্তৃতায় তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটে প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানে বসবাসরত লক্ষাধিক চা শ্রমিক ও তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনযাপন করলেও এখনো নিজেদের বসতভিটার মালিকানা থেকে বঞ্চিত। তিনি চা শ্রমিকদের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
পর্যটন খাত প্রসঙ্গে এমপি ফয়সল বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানসহ মাধবপুর-চুনারুঘাট অঞ্চলে পর্যটন বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত অবকাঠামো, আবাসন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এ অঞ্চল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এ জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের ৫০ শয্যার হাসপাতাল দুটিতে চিকিৎসক, নার্স, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল দুটিকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আধুনিক সুবিধা সংযোজনের দাবি জানান তিনি।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জগদীশপুর-তেমুনিয়া থেকে চুনারুঘাট হয়ে শায়েস্তাগঞ্জ পর্যন্ত পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কার ও সম্প্রসারণ জরুরি। এছাড়া জগদীশপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়কটিও প্রশস্ত ও টেকসইভাবে উন্নয়ন করা প্রয়োজন।
সংসদ সদস্য আরও বলেন, মাধবপুরে ইতোমধ্যে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিল্পায়নের এই ধারা আরও বেগবান করতে মাধবপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
বক্তৃতার এক গুরুত্বপূর্ণ অংশে তিনি চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ড্যামটি অচল থাকায় শত শত কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ইরি-বোরো ও অন্যান্য ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত ড্যামটি সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সংসদে উত্থাপিত এসব দাবি বাস্তবায়িত হলে মাধবপুর-চুনারুঘাট অঞ্চলের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
বাংলার খবর ডেস্ক : 



















