
সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং মদ-গাঁজার আসর বন্ধে বিভিন্ন নির্দেশনা দেওয়ার একদিন পরই বদলি করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
এর আগে শুক্রবার (২০ জুন) জুমার নামাজের আগে শাহপরান (রহ.) মাজারে উপস্থিত হয়ে মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত, দানের অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং মাজার এলাকায় মদ-গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন তিনি।
ডিসি সারওয়ার আলম বলেন, মাজারগুলো পবিত্র স্থান। এখানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। মদ-গাঁজার আসর বসলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
তিনি আরও বলেন, মানুষ চায় তাদের দানের অর্থ স্বচ্ছভাবে ব্যবহৃত হোক। এজন্য মাজারের আয়-ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজারে দান সংগ্রহের নতুন পদ্ধতি চালু করা হয়। এ সময় মাজারে থাকা তিনটি দানের ডেগ সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দান সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল (রহ.) মাজারে ভক্ত-অনুরাগীদের বিক্ষোভও অনুষ্ঠিত হয়।
মাজারের আয় সরকার গ্রহণ করবে না উল্লেখ করে ডিসি সারওয়ার আলম বলেন, দানের অর্থ হাতে হাতে সংগ্রহ না করে নির্ধারিত দানবাক্সে নেওয়া হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হবে।
বাংলার খবর ডেস্ক : 























