
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজাদী ছাত্র-জনতার উদ্যোগে দোয়া ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজ শেষে মাধবপুর উপজেলা গেট থেকে কর্মসূচি শুরু হয়। শুরুতে একটি প্রতীকী কফিন মিছিল বের করা হয়, যা পরে বিক্ষোভ মিছিলে রূপ নেয়। এ সময় মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নিলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন শহীদ ওসমান হাদী। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজাদী ছাত্র-জনতার পক্ষ থেকে শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কর্মসূচির শেষ পর্যায়ে মাধবপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলার খবর ডেস্ক : 










