
রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক বিশাল জনসভা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতিয়াইন বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই ছাতিয়াইন বাজার জনসমুদ্রে পরিণত হয়— বিএনপির নীল পতাকায় ছেয়ে যায় চারপাশ।
সভায় সভাপতিত্ব করেন ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মো. ফয়সল।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন,
“তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির পুনর্জাগরণের নীলনকশা। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন, আইনের শাসন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগকে স্বাধীন করা হবে এবং তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

তিনি অঙ্গীকার করে বলেন, “আমি এমপি নির্বাচিত হলে মাধবপুর-চুনারুঘাটকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব— যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।”
সভায় বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই দফাগুলোর মূল লক্ষ্য— জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, কৃষি ও শিল্পখাতের পুনর্জাগরণ, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।
তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে এবং মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের পথে নেমেছে— আর ৩১ দফাই হবে পরিবর্তনের রূপরেখা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান। তিনি বলেন,“তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের রোডম্যাপ। এর প্রতিটি পয়েন্ট জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আজ আমরা যে দমন-পীড়ন, বিচারহীনতা ও দুর্নীতির মধ্যে বেঁচে আছি—এই ৩১ দফাই সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “এ কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে— তারা কেবল ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে না, করছে রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে— এটি সময়ের দাবি।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সভাপতি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আবু বকর সিদ্দিক, মির্জা ইকরাম ও মারুফ আহমেদ প্রমুখ।
সভা শেষে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট জনতার মাঝে বিতরণ করা হয়। স্থানীয় নেতারা বলেন, “এই কর্মসূচি দেশকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসনের পথে ফিরিয়ে আনবে।”
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাতিয়াইন বাজার জনসমুদ্রে পরিণত হয়, যা প্রমাণ করেছে— মাধবপুরে বিএনপির জনপ্রিয়তা আজও অটুট এবং ক্রমবর্ধমান।
বাংলার খবর ডেস্ক : 




















